নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া বহিষ্কারাদেশ ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে একটি ফেসবুক আইডি থেকে তার বহিষ্কারের একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তের বরাত দিয়ে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাজু আহমেদকে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনের কথাও বলা হয়েছে।
তবে প্রচারিত বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন সাজু আহমেদ। তার অভিযোগ, তাকে সামাজিক ও সাংগঠনিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
সাজু আহমেদ বলেন, ছাত্রদলের কোনো নেতাকে বহিষ্কার করা হলে কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা আদেশ সংগঠনের দপ্তর সেলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। কিন্তু তার নামে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সেখানে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তিনি জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে দলীয় নেতা-কর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দেশলাইন নিউজ ডেস্ক : 




