
দেশলাইন নিউজ ডেস্ক : নেত্রকোনার শ্যামগঞ্জে অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্যামগঞ্জ ঐতিহাসিক রেলওয়ে মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ, ঢাকাস্থ শ্যামগঞ্জ সমিতি, এসএসসি/৯৫ ব্যাচ শ্যামগঞ্জ অঞ্চল ও জালাল চেতনা পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা, চোখের ছানিজনিত রোগী শনাক্তকরণ, ছানি অপারেশনের জন্য রোগী বাছাই এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।
এ ছাড়া বাছাইকৃত রোগীদের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।
আয়োজকরা জানান, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চক্ষু চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় রয়েছেন ঢাকাস্থ শ্যামগঞ্জ সমিতির সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান, সমিতির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আনসার উদ্দিন খান পাঠান এবং এসএসসি/৯৫ ব্যাচ শ্যামগঞ্জ অঞ্চলের আহ্বায়ক ও জালাল চেতনা পরিষদ ময়মনসিংহের প্রধান উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাজু।
আয়োজকদের পক্ষ থেকে এলাকার অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে নির্ধারিত সময়ে ক্যাম্পে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দেশলাইন নিউজ ডেস্ক : 




